সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, জেলমুক্তি হবে কি এবার?

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিং-এর বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাকেও শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
তবে এই রায়ের পর পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি এখনই নিশ্চিত নয়। কারণ, তাঁকে এখনও গ্রুপ-ডি মামলার শুনানিতে অংশ নিতে হবে। তাই আইনি প্রক্রিয়ার জটিলতা এখনও রয়ে গেছে।
২০২২ সাল থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গ্রুপ সি এবং গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে এবং দুর্নীতির সঙ্গে পার্থের যোগ থাকার অভিযোগ তোলে।
আদালতে তাঁর আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, এই মামলার অন্যান্য অভিযুক্তরা, যারা ছোট পদে ছিলেন, তারা অনেকেই জামিন পেয়েছেন। সেই যুক্তির ওপর ভিত্তি করে এবং কিছু শর্তের সাপেক্ষে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে। এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। এখন সবার নজর রয়েছে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ রায়ের দিকে, যা তাঁর জেলমুক্তির পথ খুলে দিতে পারে।