“রাশিয়ার বিষয়ে বড় অগ্রগতি, অপেক্ষায় থাকুন”-জেনেনিন কী ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। রবিবার ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার বিষয়ে বড় অগ্রগতি, সঙ্গে থাকুন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

ট্রাম্পের এই রহস্যময় পোস্টের কিছুক্ষণ আগেই রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও পুতিন-ট্রাম্প বৈঠকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে দুই নেতার আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানান। রুবিও বলেন, ‘আমি বলছি না যে আমরা রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির দ্বারপ্রান্তে আছি, তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পরবর্তী বৈঠকের ন্যায্যতা প্রমাণ করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ দেখেছি।’ তিনি সতর্ক করে এ-ও বলেন যে, যদি শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়াকে এর অতিরিক্ত পরিণতি ভোগ করতে হবে। রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাবে, তবে সাফল্যের কোনো নিশ্চয়তা নেই।

এদিকে, এই অনিশ্চয়তার মধ্যেই সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন। তাঁর সঙ্গে থাকবেন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের নেতারাও। ট্রাম্প ইউক্রেনকে দ্রুত শান্তি চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানাতে পারেন, এই আশঙ্কায় ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে সমর্থন জোগানোর জন্য কাজ করছেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রবিবার জেলেনস্কির অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকাও রয়েছে।

অন্যদিকে, রবিবার ব্রাসেলসে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে সংঘাতের বর্তমান সম্মুখ সারির অবস্থান থেকে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত। তিনি চূড়ান্ত চুক্তির আগে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে যুদ্ধবিরতিরও আহ্বান জানান।