“চাকরিহারাদের SSC ভবন অভিযান থেকে বোমা ছোড়ার ছক”-অডিও প্রকাশ করে দাবি করলো পুলিশ

চাকরি হারানো শিক্ষকদের একাংশের সোমবারের এসএসসি (SSC) ভবন অভিযান ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। বিধাননগর পুলিশ এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করে মিছিলের অনুমতি বাতিল করেছে।
পুলিশের দাবি, আন্দোলনকারীরা পুলিশকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। রবিবার এক চাঞ্চল্যকর সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেট একটি ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করেছে। ওই অডিওতে আন্দোলনকারীদের মধ্যে বোমা, পাথর ও পেট্রোল ব্যবহারের মতো হিংসাত্মক কথাবার্তা শোনা যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের বক্তব্য, এই অভিযানে সকেট বোমা ব্যবহার করে সরকারি সম্পত্তি ও পুলিশকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা রয়েছে। এমনকি, আসন্ন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্র উড়িয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর কথাও নাকি সেই অডিওতে শোনা গেছে। বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান, এই কথোপকথন ইন্টারসেপ্ট করা হয়েছে এবং এটিতে যারা কথা বলছেন, তারা উভয়েই এই আন্দোলনের সঙ্গে যুক্ত।
অন্যদিকে, চাকরি হারানো শিক্ষকদের নেতা সুমন বিশ্বাস পুলিশের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই আন্দোলন শান্তিপূর্ণভাবে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘মিথ্যা’ এবং আন্দোলনকে বদনাম করার জন্য এই ধরনের চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আন্দোলনকারীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারিত আছে। তার বাইরে কোনো ধরনের মিছিল বা সমাবেশ করার অনুমতি নেই। এই পরিস্থিতিতে পুলিশ সোমবারের মিছিলের ওপর বাড়তি নজরদারির কথা জানিয়েছে। সুমন বিশ্বাস জানান, তাদের এক সহকর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে তারা এই অভিযানের ডাক দিয়েছেন এবং চেয়ারম্যানের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান চান।