ভারতের স্বাধীনতা যুদ্ধে এক বিস্মৃত যোদ্ধা, যিনি ১ কোটি টাকা দিয়েছিলেন নেতাজিকে, চেনেন তাঁকে?

দেশের স্বাধীনতার জন্য যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে এগিয়ে চলেছেন, তখন হাজার হাজার মানুষ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে এমন একজন ছিলেন আব্দুল হাবিব ইউসুফ মারফানি, যার বিশাল ত্যাগ সময়ের সঙ্গে বিস্মৃতির আড়ালে চলে গেছে। তিনি নিজের সব সম্পদ দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন।
গুজরাট থেকে বার্মা:
আব্দুল হাবিব ইউসুফ মারফানির পরিবার মূলত গুজরাটের সৌরাষ্ট্রের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে তারা তৎকালীন বার্মার (বর্তমান মায়ানমার) রেঙ্গুনে বসবাস শুরু করেন। সেখানেই যখন নেতাজি আজাদ হিন্দ ফৌজের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন, তখন মারফানি ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেন। সেই সময়ের হিসাবে তিনি প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা দান করেছিলেন। মুদ্রাস্ফীতির বর্তমান হার অনুযায়ী এই টাকার পরিমাণ আজ প্রায় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা হতে পারে। যদিও রিজার্ভ ব্যাংকের কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে এই অর্থের বর্তমান মূল্য ১৯০ কোটি টাকার কাছাকাছি।
সর্বস্ব ত্যাগের নজির:
মারফানির এই বিশাল দানে নেতাজি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে জিজ্ঞাসা করেন, তিনি বিনিময়ে কী চান। জবাবে রেঙ্গুনের এই ব্যবসায়ী বলেন, তিনি কোনো কিছুর বিনিময়ে দান করেননি। বরং, তিনি আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে চান। তিনি বলেন, তিনি তার সব সম্পদ দিয়েছেন, এবার দেশের জন্য তার শরীরের সব রক্তও দিতে চান। দেশের স্বাধীনতা ছাড়া আর কিছু তার কাম্য নয়।
এই মহান ভারতীয় সন্তানের আত্মত্যাগ হয়তো ইতিহাসের পাতায় কিছুটা ম্লান হয়ে গেছে, কিন্তু তার এই নিঃস্বার্থ দেশপ্রেমের গল্প আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, দেশপ্রেম কাকে বলে। দেশের জন্য এমন চরম ত্যাগ স্বীকার করা মানুষেরাই প্রকৃত অর্থে আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা।