‘যারা মাথায় সংবিধান নিয়ে নাচেন, তারাই নিপীড়নমূলক আইন তৈরি করেছেন,-কংগ্রেসকে মোদীর আক্রমণ

হাতে সংবিধান নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা মাথায় সংবিধান নিয়ে নাচেন, তারাই বছরের পর বছর ধরে নিপীড়নমূলক আইন বলবৎ রেখেছিলেন। তিনি এখন সেইসব আইন বাতিল করছেন।

সাফাই কর্মীদের উদাহরণ:
দিল্লিতে দুটি জাতীয় সড়কের উদ্বোধনের পর এক জনসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “আমাদের সাফাইকর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। প্রতিদিন সকালে তাদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু, আগের সরকারগুলো তাদের ক্রীতদাস মনে করত।” মোদী বলেন, “যারা মাথায় সংবিধান নিয়ে নাচেন, তারা কীভাবে সংবিধানকে পদদলিত করেছেন এবং বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই কথা বলছি। আপনারা অবাক হবেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার সাফাইকর্মী ভাই-বোনদের জন্য দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটি বিপজ্জনক আইন ছিল। কোনো সাফাইকর্মী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে না এলে তার এক মাসের জেল হতে পারত। ভাবুন, তারা সাফাইকর্মীদের কী ভাবতেন? একটি ছোট ভুলের জন্য আপনি তাকে জেলে ভরে দেবেন? তারাই এখন সামাজিক ন্যায়ের কথা বলে। মোদী এইসব আইন বাতিলের কাজ করছে।”

দিল্লির উন্নয়ন প্রসঙ্গ:
দিল্লির উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী পূর্ববর্তী আম আদমি পার্টি সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “আগের সরকারগুলো দিল্লিকে ধ্বংস করে খাদে ফেলে দিয়ে গেছে। বিজেপি সরকারকে সেই খাদ ভরাট করতে হবে। তারপর উন্নয়ন সকলের নজরে পড়বে। আমার বিশ্বাস, আপনারা যে টিম নির্বাচিত করেছেন, তারা দিল্লিকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবে।” বিজেপি ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বলেও তিনি উল্লেখ করেন।