দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী পালন, ভক্তদের জন্য রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির

প্রথমবার জন্মাষ্টমী উপলক্ষে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে চলছে বিশেষ আয়োজন। শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাত ১২টায় মন্দিরে এক বিশেষ আরতির ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে উৎসবের আমেজ। খোল-করতাল সহযোগে চলছে নাম সংকীর্তন, এবং ১০০৮টি নাড়ু প্রসাদ হিসেবে বিতরণ করা হচ্ছে। জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস জানান, ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য দেশের ১০৮টি তীর্থক্ষেত্রের জল আনা হয়েছে।
সাধারণত, রাত ৯টায় মন্দির বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে রাত ১২টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জগন্নাথের বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকলেও, বিকাল ৩টা থেকে আবার তা খুলে দেওয়া হয়। এরপর রাত ১০টা পর্যন্ত চলবে মঙ্গল আরতি, পুজো এবং নাম সংকীর্তন।
রাত ১০:৩০ মিনিট থেকে মধ্যরাত ১২টার মধ্যে শ্রীকৃষ্ণের অভিষেক এবং ৫৬ প্রকারের ভোগ নিবেদন করা হবে। এরপর রাত ঠিক ১২টায়, যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই মন্দির চত্বর রঙিন আলোয় সেজে উঠবে, যা ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হবে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ মুহূর্তের মহা আরতি দর্শন করার জন্য ভক্তদের রাত ১২টা পর্যন্ত মন্দিরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।