৯০ বছর বয়সে ছেলের জন্য আইন পড়ছেন মা, বিরল ভালোবাসার নজির চীনে

ছেলের প্রতি এক মায়ের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, তার এক বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনে। ঝেজিয়াং প্রদেশের ৯০ বছর বয়সী এক বৃদ্ধা, আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তার ছেলেকে বাঁচাতে নিজেই আইন পড়া শুরু করেছেন।

ঘটনাটি সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। জানা গেছে, ওই বৃদ্ধার ছেলে দেশের অন্যতম এক ধনীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। পুলিশ তাকে গ্রেফতার করে এবং মামলাটি আদালতে গড়ায়। ছেলে একজন আইনজীবী নিয়োগ করলেও, বৃদ্ধা মা তার ছেলের মুক্তির ব্যাপারে অন্য কারও উপর ভরসা রাখতে পারেননি। তাই তিনি নিজেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

তিনি বাড়িতে বিভিন্ন আইনের বই, বিশেষ করে ফৌজদারি আইন সম্পর্কিত বই নিয়ে পড়াশোনা শুরু করেছেন। ৯০ বছর বয়সেও তার এই অদম্য লড়াই অনেকের মনে অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিটি শুনানিতেই তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আদালতে উপস্থিত থাকেন। ছেলের নিযুক্ত আইনজীবীর সাথে নিয়মিত আলোচনা করে মামলার অগ্রগতি নিয়েও তিনি কাজ করছেন।

এক মায়ের এই ভালোবাসা, এবং এই বয়সেও তার আইন শেখার প্রচেষ্টা তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এই ঘটনা প্রমাণ করে যে, সন্তানের জন্য একজন মায়ের ত্যাগ ও ভালোবাসা কোনো বয়স বা সীমার মধ্যে আবদ্ধ নয়।