রেকর্ড পরিমাণ জল ছাড়া হলো ফরাক্কা ব্যারেজ থেকে, প্লাবিত হতে পারে একাধিক এলাকা

বিহার ও ঝাড়খণ্ডে লাগাতার ভারী বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজের জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে। এর ফলে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জল ব্যারেজ থেকে ছাড়া হয়েছে, যা নিম্ন অববাহিকার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে।

ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ জল সামলাতে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে প্রায় ১৬.১৭ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যা এক নতুন রেকর্ড। এই অতিরিক্ত জল ছাড়ার ফলে ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে নিমতলা, শিকারপুর এবং ডাউনস্ট্রিমে হোসেনপুরচর, কুলিডিয়ারচর, অর্জুনপুর, মহাদেবনগরসহ সামশেরগঞ্জ ও সুতির বিভিন্ন নিচু এলাকায় গঙ্গার জল ঢুকে পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর তীরবর্তী গ্রামগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের মতে, উজান থেকে আসা জলের পরিমাণ অত্যধিক হওয়ায় ব্যারেজের গেট খুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষয়ক্ষতি কমাতে সবরকম চেষ্টা করা হচ্ছে।