ধূপগুড়িতে নদীতে স্নান করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ধূপগুড়ি কলেজপাড়া এলাকার গিলান্ডি নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে ১৫ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম রোহিত রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিত তার ছয় বন্ধুর সঙ্গে গিলান্ডি নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সে নদীর গভীর পাঁকে পড়ে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করলেও সফল হয়নি।

সেসময় নদীর পাড়ে পাট ধোয়ার কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা লঙ্কেশ্বর রায়। তিনিই প্রথম রোহিতকে জলে তলিয়ে যেতে দেখেন এবং চিৎকার করে গ্রামবাসীকে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের মানুষ নদীর তীরে ভিড় জমান, তবে বহু চেষ্টার পরেও রোহিতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি আনন্দ ভট্টাচার্য এবং দমকল বাহিনীর সদস্যরা। বিশাল পুলিশবাহিনী নিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় রোহিতের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।