‘দ্য বেঙ্গল ফাইলস’কে কেন এত ভয় পাচ্ছে সরকার?’ ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধ হতেই প্রশ্ন পল্লবীর

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বিতর্কিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে কলকাতায় এক পাঁচতারা হোটেলে উত্তেজনা তৈরি হয়েছে। অনুষ্ঠান চলাকালীন আচমকা জায়ান্ট স্ক্রিনের তার কেটে দেওয়ায় ট্রেলার লঞ্চ মাঝপথে বন্ধ হয়ে যায়। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেত্রী পল্লবী জোশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

পল্লবী জোশি বলেছেন, “যেভাবে আমাদের ছবির ট্রেলার লঞ্চ বন্ধ করা হয়েছে, তা দেখে আমার মনে প্রশ্ন জাগছে, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো সিনেমা তৈরি হওয়া কতটা জরুরি ছিল। দেখুন বাংলায় কী হচ্ছে! এই রাজ্যে কি মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই? একজন অভিনেতা বা নির্মাতা হিসেবে আমাদের সেই স্বাধীনতাটুকুও নেই যে আমরা এখানে একটি ট্রেলার দেখাতে পারব।” তিনি আরও বলেন, এমন ঘটনা কাশ্মীরেও ঘটেনি, এবং তার মতে বাংলার পরিস্থিতি এখন কাশ্মীরের থেকেও খারাপ।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “যদি এটা স্বৈরাচার বা ফ্যাসিবাদ না হয়, তাহলে কী? আপনার রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।” তিনি অভিযোগ করেন যে, একটি ট্রেলার লঞ্চ ঘিরে এত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে।

ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল অভিযোগ করে বলেন, “ছবিটির ট্রেলার আজ লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীর ফাইলসের সময়ও এমন কিছু ঘটেনি। তবে বাংলায় এসে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এই প্রথম।” তিনি প্রশ্ন তোলেন, “এত বড় হোটেলে অনুমতি ছাড়া কি কোনো কাজ চলতে পারে? গতকাল রাত থেকেই সেটআপ তৈরি করা হচ্ছিল।” তিনি আরও বলেন, “পরিচালক বিবেকের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করেছে। এত ভয় কেন?”

বিবেক অগ্নিহোত্রী এবং তার স্ত্রী পল্লবী জোশির এই অভিযোগগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে, পেমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।