ভারতে পদ্মার ইলিশ রফতানি বন্ধ করতে আইনি নোটিস!

সাধারণত দুর্গাপূজা উপলক্ষেই বাংলাদেশ থেকে ভারতে পদ্মার ইলিশ আসে। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ থাকলেও ২০১৯ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু করেছে বাংলাদেশ। বহুদিন পর ভারতে ঢুকেছে পদ্মার ইলিশ।

জানা গিয়েছে, ভারতে ইলিশ রফতানি স্থায়ী ভাবে বন্ধ করতে বাংলাদেশ সরকারের কাছে আইনি নোটিস পাঠিয়েছে সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ মাহমুদুল হাসান। তাঁর দাবি, প্রতিবেশী দেশে ইলিশ রফতানিতে ছাড়পত্র দেওয়ায় বাংলাদেশের বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী। তাই স্থায়ী ভাবে ভারতে ইলিশ রফতানি বন্ধ হোক। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির অনুমতির পরপরই বরিশালের প্রথম চালানের ৭ টন ইলিশ এসেছে ভারতে। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজের অনুকূলে মঙ্গলবার বরিশাল থেকে দুটি ট্রাকে সাত টন ইলিশ ভারতে এসেছে।