টানা বৃষ্টিতে বিধ্বস্ত10 নম্বর জাতীয় সড়ক, আজও খুললো না রাস্তা! যান চলাচল বন্ধ রবিবার সন্ধ্যা পর্যন্ত

পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা আপাতত নেই। শুক্রবার রাতের পর শনিবার সকালেও রাস্তা খোলার কোনো সম্ভাবনা না থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচআইডিসিএল) যান চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এনএইচআইডিসিএল জানিয়েছে, আগামী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রাস্তা নিশ্চিহ্ন, ধসের জেরে মেরামত কঠিন
টানা বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। সেলফিদারা, বিরিকদারা, তারখোলা, মামখোলাসহ বিভিন্ন স্থানে নতুন করে ধস নামছে, যার ফলে রাস্তা মেরামতের কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এক স্থানে ধস সরানোর পর অন্য স্থানে ফের ধস নামছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটন ব্যবসায়ীদের দুশ্চিন্তা
পূজার আগে বারবার জাতীয় সড়ক বন্ধ থাকায় পর্যটন ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন। স্বাধীনতা দিবসের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ার আশা থাকলেও শিলিগুড়ি থেকে সিকিমের প্রধান রাস্তা বন্ধ থাকায় তাদের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে।
বিকল্প পথের সন্ধান
যদিও ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলেও বিকল্প পথের কথা জানিয়েছে প্রশাসন। ভারী বা পণ্যবাহী গাড়িগুলো গরুবাথান, লাভা, আলগাড়া, পেডং হয়ে যাতায়াত করছে। অন্যদিকে, ছোট গাড়িগুলো শিলিগুড়ি থেকে ঘুম হয়ে পেশক রোড দিয়ে তিস্তাবাজারে যেতে পারছে।
এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা পাথর নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, “এনএইচআইডিসিএল রবিবার পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি জায়গায় পাহাড় কেটে নতুন করে রাস্তা নির্মাণের কাজ চলছে।”