শ্রীকৃষ্ণ জন্মের আগে কংস তার ৬ ভাগ্নেকে কেন হত্যা করেছিলেন জানেন? জেনেনিন সেই পৌরাণিক কাহিনি

আজ, ১৬ আগস্ট, সারা দেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। হিন্দু পুরাণ অনুযায়ী, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে, হর্ষ যোগ এবং বৃষ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পৃথিবীতে পাপ দূর করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশব থেকেই তার লীলা শুরু করেছিলেন। কংস, পুতনা, বাকাসুরসহ বহু রাক্ষসকে তিনি বধ করেছিলেন। তবে একটি বিশেষ পৌরাণিক কাহিনি থেকে জানা যায়, কংস তার ছয় ভাগ্নেকে কেন হত্যা করেছিলেন।

পূর্বজন্মের সম্পর্ক

কংস ছিলেন শ্রীকৃষ্ণের মামা, যিনি অত্যন্ত অত্যাচারী ও অন্যাচারী ছিলেন। একটি দৈববাণী শুনে তিনি জানতে পারেন যে তার বোন দেবকীর অষ্টম পুত্রের হাতে তার মৃত্যু হবে। তাই কংস একে একে দেবকীর সব সন্তানকে হত্যা করতে শুরু করেন। কিন্তু এর পেছনে একটি পূর্বজন্মের সম্পর্ক রয়েছে।

পুরাণ অনুযায়ী, কংস তার পূর্বজন্মে কালনেমি নামে একজন রাক্ষস ছিলেন। একবার দেবতাদের সঙ্গে যুদ্ধ করার সময় ভগবান বিষ্ণু তাকে বধ করেন। কালনেমি পরবর্তী জন্মে কংস হিসেবে জন্মগ্রহণ করেন। কালনেমির ছয় পুত্র ছিল, যারা বাবার মতো রাক্ষসপ্রকৃতির ছিলেন না। তারা ব্রহ্মা ও বিষ্ণুর তপস্যা করতেন। এতে ক্ষুব্ধ হয়ে রাক্ষস হিরণ্যকশিপু তাদের অভিশাপ দেন যে, যে পিতা তাদের পালন করেছেন, সেই পিতার হাতেই তাদের মৃত্যু হবে। এই অভিশাপের ফলস্বরূপ, যখন কালনেমি কংস হিসেবে জন্মগ্রহণ করেন, তখন ওই ছয় পুত্র দেবকীর গর্ভে জন্ম নেন এবং তাদের কংসের হাতেই মৃত্যু হয়।

শ্রীকৃষ্ণের জন্মের আগে কংস দেবকীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ছয় সন্তানকে একে একে হত্যা করেন। এরপর সপ্তম সন্তান হিসেবে বলরামের জন্ম হয় এবং অষ্টম পুত্র হিসেবে ভগবান বিষ্ণু স্বয়ং জন্মগ্রহণ করেন, যার নাম হয় কৃষ্ণ। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে পাপের বিনাশ করেন।