রাতে বাইরে গিয়েছিল মেয়ে, ফিরতে দেরি হচ্ছে দেখে এগোতেই…মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় এক মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা মহিলাকে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বড় নলগেড়িয়া গ্রামে। অভিযোগ উঠেছে, শৌচাগারে যাওয়ার সময় ৩৭ বছর বয়সী ওই মহিলাকে আক্রমণ করা হয়। নির্যাতনের পর তাকে মারধরও করা হয়, যার ফলে তার মুখ থেঁতলে যায় এবং শরীর রক্তে ভেসে যায়।

নির্যাতিতার মা জানান, রাতে খাওয়া-দাওয়ার পর তার মেয়ে শৌচাগারে গিয়েছিল। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় তিনি বাইরে গিয়ে খোঁজ শুরু করেন এবং চিৎকার করেন। তখন স্থানীয় কিছু ছেলে তাকে জানায় যে, একজন ব্যক্তি তার মেয়েকে মারধর করছে এবং তার সঙ্গে খারাপ কাজ করেছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং গ্রামেরই বাসিন্দা অভিযুক্ত দেবদত্ত মাইতিকে (৪৭) ধরে ফেলেন। এরপর এগরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।