‘রঘু ডাকাত’-এর টিজার প্রকাশ্যে আসতেই দেবকে বিশেষ বার্তা শুভশ্রীর, ‘বন্ধু’কে কী উত্তর দিলেন নায়ক?

দীর্ঘ এক দশক পর আবারও একসঙ্গে কাজ করেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এই ছবির সাফল্যের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন। অতীতের রাগ-অভিমান ভুলে তারা এখন একে অপরের ভালো বন্ধুতে পরিণত হয়েছেন, যা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট।
অনেকেই ভেবেছিলেন যে, ছবির প্রচারের জন্যই এই জুটি আবার কাছাকাছি এসেছে। কিন্তু ‘ধূমকেতু’র সাফল্যের পরেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। সম্প্রতি দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার মুক্তি পেয়েছে। সঙ্গে সঙ্গে দেবকে শুভেচ্ছা জানাতে ভুলেননি শুভশ্রী।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘রঘু ডাকাত’-এর টিজার শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “ভানু যখন রঘু হয়ে ওঠে।” এর সাথে তিনি দেবকে উদ্দেশ্য করে বলেন, “আমার শুভেচ্ছা রইল।” শুভশ্রীর এই বার্তা দেবও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, “ধন্যবাদ বন্ধু।” এই আদান-প্রদান প্রমাণ করে যে, তাদের সম্পর্ক এখন ছবির সাফল্যের ঊর্ধ্বে।
‘ধূমকেতু’র মুক্তির আগে ছবির সাফল্য কামনা করে দেব ও শুভশ্রী নৈহাটির একটি মন্দিরে একসঙ্গে পুজো দিয়েছিলেন। সেই সময় দেব পরেছিলেন লাল পাঞ্জাবি এবং শুভশ্রী লাল পাড়ের বেনারসি শাড়ি। সেই দৃশ্য দেখে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে এই জুটির যাত্রা শুরু হয়েছিল। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ এবং ‘খোকা ৪২০’-এর মতো অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তারা। বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, তাদের এই অনবদ্য রসায়নই ‘ধূমকেতু’র সাফল্যের অন্যতম কারণ। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল এবং অনেক হলে ‘হাউসফুল’ বোর্ডও দেখা গেছে।