মাঝরাতে ভারত থেকে পুশব্যাক, স্বাধীনতা দিবসেই ২১ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল অসম

অসম থেকে ২১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে অসম সরকার অনুপ্রবেশমুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এই খবর নিশ্চিত করেন।
মুখ্যমন্ত্রী তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “মধ্যরাতে স্বাধীনতা? আক্ষরিক অর্থেই! আজ মধ্যরাতে, ২১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা অসৎ উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল, তাদের শ্রীভূমি সীমান্ত থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।”
অসমের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, তার সরকার রাজ্যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সহ্য করবে না। তিনি জানান, গত কয়েক মাসে অসম থেকে প্রায় ৪০০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে শ্রীভূমি জেলা থেকেই ৫৮ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে।
গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকেই বিএসএফ উত্তর-পূর্বের ১৮৮৫ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছিল। অসম পুলিশও সীমান্তে হাই অ্যালার্ট জারি রেখেছে, যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে রাজ্যে প্রবেশ করতে না পারে। এই ধরনের কড়া পদক্ষেপের মাধ্যমে সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্পষ্ট করেছে।