গোপালের প্রিয়! জন্মাষ্টমীতে রমরমিয়ে বিক্রি হচ্ছে ‘এই’ মিষ্টি, কেন এত চাহিদা? জানুন বিস্তারে

জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুরের মিষ্টির দোকানগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিষ্টান্ন তাল ফুলুরি ও তালপোয়ার বিক্রি তুঙ্গে উঠেছে। উৎসবের দুই দিন আগে থেকেই এই মিষ্টিগুলো বাজারে দেদার বিকোচ্ছে। প্রতিটি মিষ্টির দাম মাত্র ৫ টাকা। প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন গড়ে প্রায় দুই থেকে তিন হাজার পিস মিষ্টি বিক্রি হচ্ছে, এবং জন্মাষ্টমীর দিন এই সংখ্যাটা আরও অনেক বেড়ে যায়।

কেন এত চাহিদা?
দুর্গাপুরের সিটিসেন্টার, বেনাচিতি এবং চণ্ডিদাস এলাকার প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারগুলোতে এখন ‘তাল স্পেশাল’ মিষ্টির ব্যাপক চাহিদা। তালের বড়া, তাল ফুলুরি ও তালপোয়া কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। মিষ্টি দোকানের মালিক এবং ক্রেতাদের মতে, আজকের ব্যস্ত জীবনে তাল কিনে প্রক্রিয়াকরণ করে বাড়িতে এসব মিষ্টি বানানোর মতো সময় আর কারো নেই। তাই মানুষ দোকান থেকে কিনে খেতেই বেশি পছন্দ করছেন। যদিও মা-ঠাকুমার হাতের তৈরি সেই পুরোনো স্বাদ টাকা দিয়েও পাওয়া সম্ভব নয়।

ব্যবসায়ীদের বক্তব্য
দুর্গাপুরের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের মালিক দিলীপ মণ্ডল জানান, “এখনকার যুগে মানুষের হাতে তালের বড়া বানানোর সময় নেই। তাই খাদ্যপ্রেমী মানুষ তালের বড়া কিনতে দোকানে ভিড় করছেন। প্রতিদিন প্রায় দু-তিন হাজার তালের বড়া বিক্রি হয়। জন্মাষ্টমীর দিনে ক্রেতাদের চাহিদা এতটাই বেশি থাকে যে আমরা হিমশিম খেয়ে যাই। সন্ধ্যা হওয়ার আগেই সব মিষ্টি শেষ হয়ে যায়।”

দিলীপ মণ্ডল আরও জানান, জন্মাষ্টমীতে যারা ফুড স্টল করে বিকল্প আয়ের কথা ভাবছেন, তারা অনায়াসে তালের বিভিন্ন পদ তৈরি করে ভালো আয় করতে পারেন। পাকা তালের মরসুমে প্রায় এক মাস ধরে এই মিষ্টিগুলো দোকানে পাওয়া যায়।