বহু বিবাহের জেরে আইনি তলব পাওয়ার পরেও ফের বাবা হচ্ছেন আরমান মালিক! শোরগোল নেটদুনিয়ায়

জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-এর প্রতিযোগী আরমান মালিক এবং তার দুই স্ত্রী পায়েল ও কৃতিকা মালিককে দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালতে তলব করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর এই তিন জনকেই আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
দভিন্দর রাজপুত নামে এক ব্যক্তি এই পিটিশনটি দায়ের করেছেন। তার অভিযোগ, আরমান মালিকের দুটি নয়, চারটি বিয়ে রয়েছে, যা হিন্দু বিবাহ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, একজন ব্যক্তির একটি মাত্র বিয়ের অনুমতি রয়েছে। আবেদনকারী দাবি করেছেন যে, আরমান মালিকের এই কাজ ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছে এবং এটি ভারতীয় আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আরমান ও তার স্ত্রী পায়েল সম্প্রতি জনসমক্ষে প্রায়শ্চিত্তের উদ্যোগ নেন। গত ২২ জুলাই তারা পাতিয়ালার বিখ্যাত কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের কাজের জন্য ক্ষমা চান।
এদিকে, এই দম্পতির ব্যক্তিগত জীবনে আরও একটি নতুন খবর এসেছে। সম্প্রতি কৃতিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি প্রেগনেন্সি টেস্ট কিট হাতে হাসতে দেখা যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছেন আরমানের প্রথম স্ত্রী পায়েল। এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে কৃতিকা আবারও সন্তানসম্ভবা। এই খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। এই দম্পতির জীবন নিয়ে ভক্ত এবং নেটিজেনদের আগ্রহ আবারও নতুন করে বেড়েছে।