ইলামবাজারকাণ্ড: পুলিশমন্ত্রী পদে মমতার ইস্তফার দাবি করলেন শুভেন্দু

ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ। এই ইলামবাজারকাণ্ডের পর পুলিশমন্ত্রী পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, রবিবার ইলামবাজার থানার চৌপাহড়ী জঙ্গল থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। বয়স ১৯ বছর। বাড়ি বীরভূমে।
পরিবারের অভিযোগ, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন। রাতে ছাত্রের মোবাইল থেকে বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকিও দেওয়া হয়। দ্বিতীয়বার ফোন করে এই হুমকি দেয় অপহরণকারীরা। এরপর পুলিশে অভিযোগ করলে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। ঘটনায় আটক করা হয় পড়ুয়ার বন্ধু শেখ সলমনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৩ টের সময় ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় সৈয়দ সালাউদ্দিন-এর মৃতদেহ।