জন্মাষ্টমীতে সেজে উঠেছে ইসকন মায়াপুর! বিশেষ হোমযজ্ঞ আরও কত কী, দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড়

কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মায়াপুরে উৎসবের সাজো সাজো রব। শ্রীধাম মায়াপুরসহ বিশ্বব্যাপী ইসকনের সকল শাখাকেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি মেনে উদযাপিত হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে।
ইসকন সূত্রে জানা গেছে, আজ, ১৬ আগস্ট, সকাল ১০টার পর থেকে বিশেষ পূজা ও হোমযজ্ঞ শুরু হয়েছে। জন্মাষ্টমীর উৎসব আজ পালিত হচ্ছে এবং আগামীকাল, ১৭ আগস্ট, রবিবার পালিত হবে নন্দোৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৯তম জন্মজয়ন্তী।
ধর্মীয় শাস্ত্র অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অসুরের বিনাশ করে পৃথিবীতে প্রেম, শান্তি ও মৈত্রী স্থাপন করেছিলেন। তাঁর জীবন, বাণী ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
এই বিশাল ভক্ত সমাগমকে কেন্দ্র করে মায়াপুরের ইসকন প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।