Recipe: মুগ-মুসুরের দরকার নেই, আলু দিয়েই বানিয়ে ফেলুন স্পেশাল ডাল, শিখেনিন পদ্ধতি

প্রতিদিনের একঘেয়ে ডালের বদলে এবার পাতে যোগ করতে পারেন ভিন্ন স্বাদের একটি পদ—’আলুর ডাল’। এই পদটি তৈরি করতে আপনার মুগ বা মুসুর ডালের প্রয়োজন হবে না, বরং মূল উপকরণ হিসেবে ব্যবহার হবে আলু। এটি বানানো যেমন সহজ, তেমনই স্বাদে অতুলনীয়। আসুন জেনে নিই এই সুস্বাদু পদটি তৈরির সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
- ৩টি বড় সেদ্ধ আলু (খোসা ছাড়ানো)
- ১টি বড় পেঁয়াজ কুচি
- ২টি টমেটো কুচি
- ৪-৫টি কাঁচা লঙ্কা
- ১টি শুকনো লঙ্কা
- ১ চা চামচ রসুন কুচি
- ১ চা চামচ গোটা জিরে
- আধা চা চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- আধা চামচ ধনে গুঁড়ো
- আধা চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
- ২ চা চামচ সর্ষের তেল
- স্বাদমতো নুন ও চিনি
রান্নার প্রণালী: ১. প্রথমে সেদ্ধ করা আলুগুলো ভালো করে চটকে নিন, যাতে কোনো দানা না থাকে। একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ২. এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। ৩. ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। ৪. পেঁয়াজ ও টমেটো নরম হয়ে এলে চটকে রাখা আলুর পেস্ট মিশিয়ে দিন। ৫. এবার সব গুঁড়ো মশলা এবং স্বাদমতো নুন ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কাঁচা মশলার গন্ধ চলে গেলে পরিমাণমতো জল দিন। ৬. যদি ঘন ডাল পছন্দ করেন, তাহলে জলের পরিমাণ কম দেবেন। এরপর চেরা কাঁচালঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। ৭. ঝোল ফুটে ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য সুস্বাদু ‘আলুর ডাল’। এই নতুন পদটি আপনার খাবারের পাতে একটি ভিন্ন মাত্রা যোগ করবে।