পাটনায় গাড়ির ভেতর থেকে উদ্ধার দুই শিশুর নিধর দেহ, কী ভাবে হয়েছে মৃত্যু? রহস্যের তদন্তে পুলিশ

শুক্রবার পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভেতর থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একটি ৯ বছর বয়সী মেয়ে এবং একটি ৫ বছর বয়সী ছেলে রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে পাটনা (সেন্ট্রাল)-এর এসপি দীক্ষা জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (PMCH) পাঠিয়েছে। শিশুদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, সপ্তাহের শুরুতে পাটনায় আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সোমবার খিরিমোড় এলাকায় বিষাক্ত খাবার খেয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। মৃতরা হলো নিধি কুমারী (৮), বিকাশ কুমার (৬) এবং মোহিত কুমার (৪)। রাতের খাবার খাওয়ার পর থেকেই তাদের পেটে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকাশ ও মোহিতকে মৃত ঘোষণা করেন। নিধিকে পিএমসিএইচ-এ স্থানান্তরিত করা হলেও সেখানে তার মৃত্যু হয়।