‘কাপড় খুলে তোকে নগ্ন করে দেব!’ মহিলা ও ট্রাফিক পুলিশের মধ্যে তুমুল বচসা, ভিডিও ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা নিউ টাউন এলাকায় এক মহিলা বাইক আরোহী এবং ট্রাফিক পুলিশের মধ্যে বচসার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করছেন এবং হুমকি দিচ্ছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার, যখন ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে পুলিশ ওই মহিলার স্কুটার আটক করে। এরপরই তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করেন। ভিডিওতে মহিলাকে বলতে শোনা যায়, “আমার স্টাফকে কিছু বলবে না। ওর টি-শার্টে হাত দেওয়ার সাহস কী করে হলো তোমার?” এরপর তিনি আরও বলেন, “কাপড় খুলে তোকে নগ্ন করে দেব।” তার এই ধরনের মন্তব্যে আশপাশের মানুষও হতবাক হয়ে যান।
ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বারবার তাকে শান্ত করার চেষ্টা করছেন এবং বলছেন যে তারা একজন মহিলা হিসাবে তাকে সম্মান করছেন, তাই তারও সম্মানজনকভাবে কথা বলা উচিত। একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আপনি যদি একজন পুরুষ হতেন, তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতো।” জবাবে ওই মহিলা পুলিশকে গ্রেপ্তার করার জন্য চ্যালেঞ্জ জানান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরু পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযুক্ত মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হয়েছে। ১৪ আগস্ট, ২০২৫ তারিখে ইয়েলাহাঙ্কা নিউ টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) জানিয়েছে যে, দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা এ নিয়ে নানা মন্তব্য করছেন। অনেকেই পুলিশের সংযম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তারা বলছেন, এত অপমানজনক আচরণের পরও পুলিশ যে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, তা প্রশংসার যোগ্য। একই সঙ্গে, বহু ব্যবহারকারী মহিলার আচরণের তীব্র নিন্দা করেছেন এবং তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।