ঘুম থেকে উঠেই অবাক স্থানীয়রা! জলে ওসব কী ভাসছে? সামনে আসতেই…, ৪ লক্ষ টাকা জলে মালিকের

সকালে ঘুম থেকে উঠে কাজে বেরিয়েছেন গ্রামবাসীরা। হঠাৎ তাদের নজরে আসে, এলাকার একটি পুকুরে অসংখ্য মাছ ভাসছে। দূর থেকে দেখে সন্দেহ হওয়ায় তারা দ্রুত পুকুরের মালিককে খবর দেন। খবর পেয়ে মালিক ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর প্রায় ৪ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এই ঘটনায় তিনি রীতিমতো মাথায় হাত দিয়ে বসে পড়েন।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়দহ দোপেরিয়া এলাকার। মৎস্য ব্যবসায়ী আশপাক পুরোকাইতের একটি পুকুরে স্থানীয়রা সকালে প্রায় চার টন শিং মাছ মরে ভেসে থাকতে দেখেন। এই মাছের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।
খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৎস্য ব্যবসায়ী আশপাক অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাঁর প্রতিবেশী আমিনা বিবি ও তার পরিবার এই কাণ্ড ঘটিয়েছে। তারা পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে।
যদিও আমিনা বিবি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনার সঙ্গে তিনি এবং তাঁর পরিবারের কেউ জড়িত নন। এটি তাকে এবং তার পরিবারকে ফাঁসানোর জন্য একটি চক্রান্ত।