আসানসোলে দুঃস্থ শিশুদের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন, পাশে দাঁড়াল ‘ইউনাইটেড হোপ’ এবং ‘এসআরকে মিলস’

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আসানসোলের নড়িয়া এলাকার একটি ভিন্নধর্মী উদযাপন সবার নজর কেড়েছে। এখানে ‘ইউনাইটেড হোপ ফাউন্ডেশন’ এবং ‘এসআরকে (শাহরুখ খান) মিলস’-এর যৌথ উদ্যোগে প্রায় ৪০ জন দুঃস্থ ও পিছিয়ে পড়া শিশুর সঙ্গে বিশেষ ভাবে দিনটি পালন করা হয়।

‘ইউনাইটেড হোপ ফাউন্ডেশন’ সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। অন্যদিকে, ‘এসআরকে মিলস’-এর মূল লক্ষ্য দরিদ্র এবং অভাবী মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া। ‘এসআরকে মিলস’-এর পক্ষ থেকে ঋত্বিকা সরকার বলেন, “আমরা শাহরুখ খানের জন্মদিনে বা তার কোনো সিনেমার বর্ষপূর্তিতে দুঃস্থ শিশুদের ও বয়স্ক মানুষদের খাবার দিই। স্বাধীনতা দিবসে ইউনাইটেড হোপের সঙ্গে এই কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সকালে পতাকা উত্তোলনের পর শিশুদের নিয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিশুরা নাচ, গান এবং আবৃত্তিতে অংশ নেয়। এরপর দুপুরে তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে কেবল স্বাধীনতা দিবস উদযাপনই নয়, বরং সমাজে পিছিয়ে থাকা শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা সকলের কাছে প্রশংসিত হয়েছে।