নরেন্দ্র মোদীর স্কুল হয়ে উঠবে ‘প্রেরণা কেন্দ্র’, ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্কুলে পড়াশুনা করেছেন সেই স্কুলটিকে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা হবে। গুজরাতের মেহসানা জেলার ভাদনগরে শতবর্ষ প্রাচীন কুমার প্রাথমিক বিদ্যালয়কে নতুন রূপ দেওয়া হবে। এই স্কুলেরই ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই স্কুল হয়ে উঠবে ‘প্রেরণা কেন্দ্র’। বিদ্যালয়টিকে ঐতিহাসিক ঐতিহ্যের রূপ দেওয়া হবে। এমনটাই ঘোষণা করলেন মোদী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফেসবুক পোস্টে মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্কুল পরিদর্শন করার সৌভাগ্য তাঁর হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘পিএম শ্রী স্কুল’ কর্মসূচির জন্য অর্থবরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে অর্থবরাদ্দের মাধ্যমে ‘পিএম শ্রী স্কুল’ গড়ার প্রস্তাবে সায় দিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। আগামী ৫ বছরে ১৪,৫৯৭ টি প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্কুল নির্মাণের জন্য ব্যয় হবে ২৭,৩৬০ কোটি টাকা।