মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত “কোনো টিকিট লাগবেনা”- কোথায় শুরু হচ্ছে এই সুবিধা ?

স্বাধীনতা দিবসের এই শুভ দিনে নারী শক্তিকে সম্মান জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। শুক্রবার থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবাটি চালু করার মাধ্যমে টিডিপি ভোটের আগে দেওয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করলো।
বিজয়ওয়াড়া শহরে একটি বাসে চড়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আনুষ্ঠানিকভাবে এই ‘স্ত্রী শক্তি স্কিম’ প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২ কোটি ৬২ লক্ষ মহিলা উপকৃত হবেন।
এই নতুন সুবিধাটি অন্ধ্রপ্রদেশের পাঁচ ধরনের সরকারি বাসে পাওয়া যাবে। তবে ননস্টপ, সুপার লাক্সারি, এসি বাস এবং পাহাড়ি এলাকায় চলাচলকারী বাসে এই সুবিধা প্রযোজ্য হবে না। এই পরিষেবা পেতে হলে মহিলাদের তাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো যেকোনো একটি পরিচয়পত্র দেখাতে হবে, যা প্রমাণ করবে যে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
চন্দ্রবাবু নাইডু বলেন, এই প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়নের দিকে একটি বড় পদক্ষেপ। রাজ্যের সকল মহিলা এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং এর ফলে তাদের আর্থিক সাশ্রয় হবে। এই উদ্যোগটি দেশের অন্যান্য রাজ্যের মহিলাদেরও আকৃষ্ট করবে, তবে তা নির্ভর করবে নিজ নিজ রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর।