আরজি করের নিহত চিকিৎসকের পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি

আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার এক বছর পরও ন্যায়বিচার না পেয়ে তার পরিবার হতাশায় ভুগছে। তবে এবার কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন তারা। স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার নিহত চিকিৎসকের পরিবারের কাছে রাষ্ট্রপতির দফতর থেকে একটি ইমেল এসেছে। এই ইমেলে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতির আপ্ত সহায়ক তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এতেই ন্যায়বিচার পাওয়ার বিলম্বিত আশায় কিছুটা হলেও ভরসা পাচ্ছেন নিহত তরুণীর বাবা-মা। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের পানিহাটিতে।

২০২৪ সালের ৯ই অগাস্ট কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতাল আরজি কর মেডিক্যাল কলেজে এই নৃশংস ঘটনা ঘটেছিল। অভিযোগ, হাসপাতালের সেমিনার রুমে কর্তব্যরত অবস্থায় একজন পোস্ট গ্র্যাজুয়েট তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। এই ঘটনায় সে সময় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পদত্যাগ করতে হয়। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও পরিবারের অভিযোগ, এর পেছনে আরও বড় চক্র জড়িত।

ঘটনার তদন্তভার প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিআইডি এবং শেষে সিবিআই-এর হাতে গেলেও পরিবারের সদস্যরা এখনও সুবিচার পাননি। তারা বারবার রাজ্য সরকারের সঙ্গে সিবিআই-এর আঁতাতের অভিযোগ তুলেছেন। অভয়ার বাবা-মা দিল্লিতে দরবার এবং নবান্ন অভিযান চালিয়েও সঠিক বিচার পাননি। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির এই আশ্বাস তাদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতির দফতরের সক্রিয়তার পর এই মামলার অগ্রগতি হয় কিনা।