কাজে যোগ দেওয়ার ৩ দিন পর হাসপাতালে মিলল নার্সের মরদেহ, খুনের অভিযোগ পরিবারের

হুগলির সিঙ্গুরে একটি নার্সিংহোম থেকে এক তরুণী নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে ২৪ বছর বয়সী ওই নার্সের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই তরুণী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা এবং মাত্র তিন দিন আগেই ওই নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন।
পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, ওই তরুণীকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর গ্রামীণ থানার পুলিশ ইতিমধ্যেই খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। পরিবারের অনুরোধ মেনে শুক্রবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
এই ঘটনাটি এক বছর আগে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই ঘটনার পর ১৪ই অগাস্ট থেকে ‘রাত দখলের আন্দোলন’ শুরু হয়েছিল, আর ঠিক এক বছর পর একই দিনে সিঙ্গুরে এই ঘটনা ঘটল।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য জানায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।