‘ঢপবাজ মুখ্যমন্ত্রী! ৫০০ কোটি টাকা কোথায় গেল?’ ঘাটালে এসে মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর

৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটাল শহরের এক অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীকে ‘ঢপবাজ মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন এবং ‘ঘাটাল মাস্টার প্ল্যানের ৫০০ কোটি টাকা কোথায় গেল?’—এই প্রশ্ন তুলেছেন।
শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে না গেলে প্রতি বছর ঘাটাল ডুবে যাবে।” তিনি অভিযোগ করেন যে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছিল, রাজ্য সরকার তার সঠিক ব্যবহার করেনি। বিরোধী দলনেতা বলেন, “মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ঢপবাজ মুখ্যমন্ত্রীর কথায় আর মানুষ বিশ্বাস করে না।” তিনি প্রশ্ন তোলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা কোথায় গেল, তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে।”
শুভেন্দু অধিকারী আরও জানান যে, বিজেপি ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে এবং ঘাটালের মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করা হবে। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি।