“দাম কম, দম বেশি”-ট্রাম্প-ট্যারিফের মোকাবিলায় নয়া কৌশল মোদীর, জানালেন রূপরেখা

৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়েও তার শুল্ক নীতির বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দিয়েছেন। লালকেল্লার মঞ্চ থেকে মোদী ‘দাম কম, দম বেশি’ স্লোগান দিয়ে বিশ্ববাজারে ভারতের পণ্যের সক্ষমতা প্রমাণ করার উপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। তবে অন্য দেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এখন লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার সময়।” এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে আমেরিকা ও তার শুল্ক নীতির দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

মোদীর মতে, ভারতের জন্য এখন ‘ইতিহাস গড়ার সময়’। তিনি বলেন, “এখন বিশ্বের বাজার শাসন করতে হবে। উৎপাদন খরচ কমাতে হবে। ভালো পণ্য তৈরি করে বিশ্বের বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের এটাই সুযোগ।” উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মোদীর মন্তব্যকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী ‘সমর্থ ভারত’ (শক্তিশালী ভারত) গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা যেমন স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, তেমনই এখন সমর্থ ভারত গড়ে তোলার শপথ নিতে হবে।” তিনি কটাক্ষের সুরে বলেন, “অন্যকে ছোট করার জন্য সময় নষ্ট করা উচিত নয়। নিজেদের শক্তিশালী করার দিকে মন দিতে হবে।”

ভাষণে মোদী স্বদেশী পণ্যের উপরও জোর দিয়েছেন এবং প্রত্যেক দোকানদারকে তাদের দোকানের বাইরে ‘স্বদেশী পণ্য’ বোর্ড ঝুলিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরীণ উৎপাদন এবং স্বনির্ভরতাকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন।