‘এই স্বাধীনতার জন্য বহু দেশপ্রেমীকে আত্মত্যাগ করতে হয়েছে!’ বৃষ্টিতে ভিজেই জাতীয় সঙ্গীত গাইলেন রাহুল

৭৯তম স্বাধীনতা দিবসের দিনে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের দুই শীর্ষ নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির লালকেল্লার সরকারি অনুষ্ঠানে যোগ না দিয়ে দলের সদর দফতর ইন্দিরা ভবনে পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করেছেন। ভারী বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই জাতীয় পতাকা উত্তোলনে রাহুল গান্ধীর অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লালকেল্লায় তাঁর দীর্ঘতম ভাষণ দিচ্ছিলেন, তখন দুই শীর্ষ কংগ্রেস নেতা সেখানে অনুপস্থিত ছিলেন। এর পরিবর্তে, তাঁরা ইন্দিরা ভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন। সেই সময় দিল্লিতে তুমুল বৃষ্টি চলছিল, তবুও কর্মসূচি বন্ধ রাখা হয়নি। মল্লিকার্জুন খাড়গে ছাতা মাথায় নিয়ে পতাকা উত্তোলন করেন, কিন্তু রাহুল গান্ধী সম্পূর্ণ খালি মাথায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। গত বছর লোকসভা নির্বাচনের প্রচারেও মহারাষ্ট্রে বৃষ্টিতে ভিজে তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছিল।

লালকেল্লায় তাঁদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই অনুপস্থিতিকে কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, “আজ আমরা সেই সকল স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে।” রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) সম্প্রীতির বার্তা দিয়ে লিখেছেন, “আমাদের দায়িত্ব সত্য এবং ভ্রাতৃত্বের ভিতে এই দেশকে প্রতিষ্ঠিত করা।”

কংগ্রেসের পক্ষ থেকে লালকেল্লায় অনুপস্থিতির কোনো সরকারি কারণ জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রোটোকল ভেঙে রাহুল গান্ধীকে শেষের সারিতে আসন দেওয়া হয়েছিল। প্রোটোকল অনুযায়ী, লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতাদের প্রথম সারিতে আসন দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদেই তাঁরা এবার লালকেল্লার অনুষ্ঠানে যোগ দেননি বলে মনে করা হচ্ছে।