স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক দুর্ঘটনা! জাতীয় পতাকা তুলতে গিয়ে মৃত্যু শিক্ষকের, কী হয়েছিল?

৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষক। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিকপুরের একটি বেসরকারি স্কুলে পতাকা উত্তোলন করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এই দুর্ভাগ্যজনক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
মৃত শিক্ষকের নাম মনোয়ার হোসেন। তার বয়স ৬২ বছর। তিনি স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। সেই সময় পতাকা উত্তোলনের জন্য ব্যবহৃত লোহার পাইপটি অসাবধানতাবশত স্কুলের উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পর্শ করে। এর ফলে তিনি তীব্র বিদ্যুতস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন।
দ্রুত তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মনোয়ার হোসেনের বাড়ি হাড়োয়া থানার ঝিংকিয়া গ্রামে।
শোকের ছায়া
দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই এমন একটি মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। পুলিশ মনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা স্বাধীনতা দিবসের আনন্দের মধ্যে এক বিষাদের সুর এনে দিয়েছে।