“ভারত পরমাণু হুমকি সহ্য করবে না”-লালকেল্লা থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে পাকিস্তানকে এবং সন্ত্রাসবাদকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, ভারত আর কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ সহ্য করবে না।

প্রধানমন্ত্রী তার ভাষণে ‘অপারেশন সিঁদুর’-এর সফলতার জন্য ভারতীয় সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন, “আজ আমি এই লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের স্যালুট জানাই। আমাদের সাহসী সেনারা শত্রুদের এমন সাজা দিয়েছে, যা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি।” প্রধানমন্ত্রী পহেলগাঁও হামলার কথা স্মরণ করে বলেন, সেই হামলায় সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ মানুষদের হত্যা করেছিল। ‘অপারেশন সিঁদুর’ ছিল সেই ঘটনারই প্রতিশোধ। তিনি জানান, এই অভিযানের ফলে পাকিস্তানের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার তথ্য প্রতিদিন সামনে আসছে।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, ভারত এখন ‘নিউ নর্মাল’। তিনি বলেন, “২২শে এপ্রিলের পর আমরা আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। তারা নিজেরাই লক্ষ্য ও সময় নির্ধারণ করেছিল এবং সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল। পাকিস্তান এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি।” তিনি আরও যোগ করেন, “নতুন ভারত আর কোনো পারমাণবিক হুমকি সহ্য করবে না।”

এছাড়াও, প্রধানমন্ত্রী সিন্ধু জলচুক্তি নিয়েও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত আর জল একসঙ্গে বইবে না।” তিনি এই চুক্তিকে ‘একতরফা’ ও ‘অন্যায়’ বলে আখ্যা দেন। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, “ভারত থেকে বের হওয়া নদীর জল শত্রু দেশে ফসল ফলাবে, আর আমাদের দেশের কৃষকরা জলের অভাবে কষ্ট পাবে? এই সমঝোতা গত সাত দশক ধরে দেশের কৃষকদের বিশাল ক্ষতি করেছে। আমাদের দেশের জলের উপর কেবল আমাদের কৃষকদেরই অধিকার আছে। ভারত আর এই সিন্ধু চুক্তি মেনে নেবে না।”