“সস্তা হবে জিনিসপত্রর দাম”-দেশবাসীর জন্য দিপাবলির উপহার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে দীপাবলিতে ‘ডাবল’ উপহার দেওয়ার ঘোষণা করেছেন। এর মধ্যে অন্যতম হলো নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার এবং অন্যটি হলো ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ নামে একটি নতুন কর্মসংস্থান প্রকল্প।
প্রধানমন্ত্রী তার ভাষণে জিএসটি প্রসঙ্গে বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা।” তিনি বলেন, “এই দীপাবলিতে আমি ডাবল দীপাবলির উপহার দিচ্ছি। এখন সময় এসেছে জিএসটি হার পর্যালোচনা করার।” মোদী আশ্বাস দেন যে জিএসটি-তে নতুন সংস্কার আনা হবে, যার ফলে সাধারণ মানুষের উপর করের বোঝা কমবে এবং জিনিসপত্রের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
পাশাপাশি, দেশের যুবসমাজকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আরেকটি বড় ঘোষণা করেন। আজ, ১৫ই আগস্ট, থেকে দেশে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ কার্যকর করা হয়েছে। এই ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরিপ্রাপ্ত যুবক-যুবতীদের সরকার ₹১৫,০০০ আর্থিক সহায়তা দেবে। প্রধানমন্ত্রী বলেন যে এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩.৫ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।
ভাষণের এক গুরুত্বপূর্ণ অংশে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভরশীলতা’ এবং ‘মেড ইন ইন্ডিয়া’-র ওপর জোর দেন। তিনি ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রটিকে বাস্তবে পরিণত করার বার্তা দেন এবং দেশীয় পণ্য ব্যবহারে দেশবাসীকে উৎসাহিত করেন।