“রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না”-সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে পাকিস্তানকে এবং একই সঙ্গে নেহরু সরকারকে তীব্র আক্রমণ করেছেন। দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।”
প্রধানমন্ত্রী নাম না করে নেহরু সরকারের সমালোচনা করে বলেন, “দেশের মানুষ ভালোভাবে জানেন এই সিন্ধু জলচুক্তি কতটা একতরফা এবং অন্যায় ছিল। ভারতের উৎস নদীগুলোর জল শত্রু দেশের কৃষিকাজে ব্যবহৃত হচ্ছিল, অথচ আমাদের দেশের কৃষকরা জলের অভাবে কষ্ট পাচ্ছিলেন। এই চুক্তি গত সাত দশক ধরে দেশের কৃষকদের ক্ষতি করেছে।” তিনি আরও বলেন, “এবার থেকে এই জলের ওপর একমাত্র কৃষকদেরই অধিকার থাকবে। কৃষকদের স্বার্থের সঙ্গে ভারত আর কোনো আপস করবে না।”
জম্মু ও কাশ্মীর-এর পহেলগাঁও-এ সাম্প্রতিক হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে। প্রধানমন্ত্রী আজ আবারও নিশ্চিত করেছেন যে এই সিদ্ধান্ত থেকে ভারত পিছিয়ে আসবে না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান যে সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, এবং এই প্রসঙ্গেই তিনি ‘জল-রক্ত’ তত্ত্বটি পুনরায় তুলে ধরেন।
প্রসঙ্গত, ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, সিন্ধু, বিতস্তা (ঝিলম) এবং চন্দ্রভাগা (চেনাব) নদীর জলের উপর পাকিস্তানের অধিকার দেওয়া হয়েছিল। অন্যদিকে, ভারত বিপাশা (বিয়াস), শতদ্রু (সাতলেজ) এবং ইরাবতী (রাভি) নদীর জল ব্যবহার করার অধিকার পায়। চুক্তি অনুযায়ী, মোট জলের ৩০% ভারত এবং ৭০% পাকিস্তান পেয়ে থাকে। কিন্তু পহেলগাঁও-এর ঘটনার পর ভারত এই চুক্তি স্থগিত করে দেয়।