বর্ধমান শহরের বুকে ব্রিটিশ আমলের ফাঁসির মঞ্চ, এখন চলছে বিদ্যুৎ দফতর!

বর্ধমান শহরের কার্জন গেট চত্বরের কাছে অবস্থিত একটি ভগ্নপ্রায় ব্রিটিশ আমলের ভবনে বর্তমানে বিদ্যুৎ দফতরের গুরুত্বপূর্ণ কাজ চলছে। তবে এই ভবনটির এক অজানা ইতিহাস রয়েছে—এখানেই ছিল ব্রিটিশ আমলের ফাঁসির মঞ্চ।

বর্ধমান বিদ্যুৎ দফতরের সেকশন ১-এর অফিসটি যে ভবনে চলছে, তার এক কোণে একটি বন্ধ ঘর রয়েছে, যেখানে ফাঁসির মঞ্চ ছিল বলে জানা যায়। জুনিয়র ইঞ্জিনিয়ার ধূর্জটিপ্রসাদ মিত্র জানান, অফিসের কর্মীদের কাছ থেকে তারা শুনেছেন যে ব্রিটিশ আমলে এই ঘরেই অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। যদিও বর্তমানে সেই ঘরটি বন্ধ করে রাখা হয়েছে।

তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এই ভবনটির অবস্থা বর্তমানে খুবই খারাপ। এই ভবনটি কাছারি রোডে অবস্থিত, যেখানে জেলাশাসকের দফতর এবং আদালত সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও, এই ভবনের ইতিহাসের কথা ৯০ শতাংশ মানুষই জানেন না।

ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, বর্ধমান জেলা একসময় অনেক বড় ছিল এবং ১৮৮০-এর দশক থেকে প্রায় ৪০ বছর ধরে এই এলাকাতেই আদালত পরিচালিত হতো। সেই সময় এখানে অপরাধীদের ফাঁসি দেওয়া হয়ে থাকতে পারে। তিনি এই ঐতিহাসিক ভবনটি সরকারি উদ্যোগে সংরক্ষণ করার ওপর জোর দিয়েছেন, যাতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে না যায়।

বিদ্যুৎ দফতরের আধিকারিকরাও ভবনটির সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, এটি শুধু একটি সরকারি অফিস নয়, এটি বর্ধমানের ইতিহাসের এক নীরব সাক্ষী, যার যথাযথ সংরক্ষণ প্রয়োজন।