বরাহনগরে যুবতীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, গ্রেফতার ১

উত্তর ২৪ পরগনার বরাহনগরে এক যুবতীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। বাড়ির পাশে নির্মীয়মাণ একটি আবাসনের রাজমিস্ত্রিরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। প্রতিবাদ করায় যুবতীকে মারধর করা হয় এবং তাঁর বাবাকে কোদাল দিয়ে মারার চেষ্টা করা হয়। এই ঘটনায় বরাহনগর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

আক্রান্ত যুবতী বরাহনগরের ৩১ নম্বর ওয়ার্ডের মহারাজা নন্দকুমার রোডে থাকেন। তিনি জানান, নির্মীয়মাণ আবাসন থেকে রাজমিস্ত্রিরা প্রায়ই তাঁকে এবং তাঁর মাকে লক্ষ্য করে কটূক্তি করতেন। তিনি বলেন, “একদিন আমার মা বাথরুমে ছিলেন, তখন একজন মিস্ত্রি উঁকি মেরেছিলেন। আরেকদিন আমি স্নান করছিলাম, তখন বাথরুমে টর্চ মারা হয়। আমি প্রধান মিস্ত্রিকে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।”

বৃহস্পতিবার সকালে যুবতী বাড়ির নিচে ব্রাশ করার সময় অভিযুক্ত রাজমিস্ত্রি তার ভিডিও করার চেষ্টা করে বলে অভিযোগ। যুবতী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হাত ধরে নির্মীয়মাণ আবাসনের ভেতরে টেনে নিয়ে যায়। কাঁদতে কাঁদতে যুবতী বলেন, “আমার মুখ চেপে ধরে আবাসনে নিয়ে যায়, আমার সারা শরীরে হাত দেয়। আমি ছাড়ানোর চেষ্টা করলে বাঁশ দিয়ে আমাকে মারে।”

যুবতীর চিৎকারে তার মা-বাবা ছুটে গেলে অভিযুক্তরা তাদেরও আক্রমণ করে। যুবতীর অভিযোগ, তার বাবাকে কোদাল দিয়ে মারার চেষ্টা করা হয়। রক্তাক্ত অবস্থায় যুবতীকে বরাহনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তিনি বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় যুবতী ও তার পরিবার গভীর আতঙ্কে রয়েছেন।