বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় বাদ পড়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানির আগেই ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। এই নির্দেশে বলা হয়েছে, বাদ পড়া নাগরিকরা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে।

বিচারপতি জয়মাল্য বাগচী এই প্রসঙ্গে আধার কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, “আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র এবং পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি। সেক্ষেত্রে এটি কেন গ্রহণ করা হবে না?” তিনি আরও বলেন, কোনো সমস্যা হলে নাগরিকরা পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসেবে এই কার্ড নিয়ে নির্বাচনী অফিসারদের কাছে যেতে পারেন।

সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, ২০২৫ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল কিন্তু খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাদের সকলের নাম জেলাস্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একইসঙ্গে, নাম বাদ পড়ার কারণও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই তথ্য স্থানীয় সংবাদপত্র, চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।

এছাড়াও, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যে, ২০০৩ সালের ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় কী কী গুরুত্বপূর্ণ নথি এবং কী পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। এই সমস্ত তথ্য পরবর্তী শুনানির আগেই আদালতে জমা দিতে হবে। এই মামলায় সুপ্রিম কোর্টের এই কঠোর পদক্ষেপ ভোটারদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।