পূর্ব মেদিনীপুরে ‘নিশি কুটুম্বের’ হানা, একই রাতে পরপর দুটি বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি বাড়ির মালিকই কর্মসূত্রে বাইরে থাকায় চোরেরা সেই সুযোগের সদ্ব্যবহার করে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ সম্প্রতি ওই এলাকায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে মধুসূদন বেরা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তারা দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে দেয়। সেখান থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা মূল্যের সোনার গহনা, যার মধ্যে সোনার চেন, শাখা, কানের দুল এবং বালা ছিল, চুরি করে নিয়ে যায়। এর পাশাপাশি কয়েক হাজার নগদ টাকাও খোয়া গেছে।
একই রাতে, চোরেরা মধুসূদন বেরার আত্মীয় প্রদ্যুৎ মণ্ডল নামে আরেক ব্যক্তির বাড়িতেও ঢোকে। তবে সেখানে মূল্যবান কিছু না পেয়ে তারা একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে পালায়। এলাকাবাসীরা জানান, প্রদ্যুৎ মণ্ডলের নাতি হওয়ায় তার পরিবার এবং মধুসূদন বেরার পরিবার বনগাঁতে নাতিকে দেখতে গিয়েছিলেন। এই সুযোগে চোরেরা দুটি বাড়িতেই তাদের কার্যসিদ্ধি করে।
এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, চুরির ঘটনা বাড়তে থাকায় এলাকাবাসী নিজেরাই রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঘটনার দিন রাত দুটো পর্যন্ত পাহারা দেওয়ার পরেও এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত চোরদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।