আর নয় হয়রানি, ৪ অক্টোবর থেকে চেক ক্লিয়ারেন্সের নতুন নিয়ম জারি করছে RBI

গ্রাহকদের হয়রানি কমাতে এবং আর্থিক লেনদেন দ্রুত করতে দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংককে নতুন নির্দেশিকা পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ৪ অক্টোবর থেকে চেক ক্লিয়ারেন্সের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে, যা গ্রাহকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এতদিন চেক ক্লিয়ারেন্সের জন্য সাধারণত দুই দিন সময় লাগত। যদি কোনো গ্রাহক শুক্রবার চেক জমা দিতেন, তবে টাকা পেতে সোমবার বা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই দীর্ঘ প্রক্রিয়া গ্রাহকদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করত। এবার সেই সমস্যা সমাধানেই RBI ‘চেক ট্রানকশন সিস্টেম’ বা CTS নামে একটি নতুন ব্যবস্থা চালু করছে।

এই নতুন নিয়মের অধীনে, আগামী ৪ অক্টোবর থেকে চেক জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ক্লিয়ার করতে হবে ব্যাংকগুলোকে। এই প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে, যা ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে, ব্যাংকগুলো চেক জমা পড়ার দিনে ব্যাংকের সময়সীমা শেষ হওয়ার আগেই তা ক্লিয়ার করবে। অর্থাৎ, ব্যাংকগুলোর হাতে প্রায় ৮ ঘণ্টা সময় থাকবে।

দ্বিতীয় ধাপটি শুরু হবে আগামী বছরের ৩ জানুয়ারি থেকে। এই ধাপে নিয়ম আরও কঠোর হবে। তখন ব্যাংকগুলোকে চেক জমা পড়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই তা ক্লিয়ার করতে হবে। এই নতুন ব্যবস্থার ফলে গ্রাহকদের অর্থের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না এবং আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজ হবে।

RBI-এর এই পদক্ষেপ ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক পরিষেবাগুলোকে আরও দক্ষ ও সময়োপযোগী করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলোকেও তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া আরও উন্নত করতে হবে।