দিঘার সমুদ্রে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি, এক পর্যটকের মৃত্যু, হাসপাতালে একজন

দিঘার উত্তাল সমুদ্রে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্নানে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই পর্যটক। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পর্যটকের নাম নারায়ণ সাউ (৪২), যিনি হাওড়ার লিলুয়া এলাকার বাসিন্দা। তার সঙ্গী শঙ্কর হাজরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়া থেকে নয়জনের একটি দল বুধবার দিঘা বেড়াতে এসেছিল। ১৫ আগস্ট ছুটির কারণে দিঘায় পর্যটকদের ব্যাপক ভিড় ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্র উত্তাল থাকায় নুলিয়ারা বারবার পর্যটকদের বিপজ্জনক ঘাটগুলিতে নামতে নিষেধ করছিল। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই দুই পর্যটক সমুদ্রে নেমে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই তারা ঢেউয়ের তোড়ে ভেসে যান। স্থানীয় নুলিয়ারা দ্রুত তৎপর হয়ে শঙ্কর হাজরাকে উদ্ধার করতে পারলেও, নারায়ণ সাউকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় দিঘার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে। তা সত্ত্বেও কিছু অসচেতন পর্যটকের জন্য এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা জানান।