কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্ণ! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, মেয়েদের ক্ষমতা নিয়ে যা যা বললেন?

আজ ১২ বছর পূর্ণ করল পশ্চিমবঙ্গের অন্যতম সফল প্রকল্প ‘কন্যাশ্রী’। মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১২ সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং সমাজে তাদের আত্মনির্ভরশীল করে তোলা। শুধু রাজ্যেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর বার্তা
আজকের বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বাংলার সকল কন্যাশ্রী-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সমাজে মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোনো সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই।” তিনি জানান, বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই প্রকল্প United Nations Public Service Award জিতেছিল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।”
প্রকল্পের সাফল্য ও ভবিষ্যৎ
মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৯৩ লক্ষের বেশি মেয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে এবং তাদের হাতে ১৭,৫০০ কোটি টাকারও বেশি অর্থ তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা শুধু মুখে women empowerment এর কথা বলি না। আমরা করে দেখাই।” তিনি কন্যাশ্রী মেয়েদের উদ্দেশে বলেন, “তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে।”
আজ দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে এই প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি পালিত হবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন। এই প্রকল্পটি শুধু বাংলার নয়, বিশ্বজুড়ে সরকারি প্রকল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।