৩ দিন আগেই যোগ দিয়েছিল চাকরিতে, চারতলা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ…! নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যু, কারণ কী?

হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার শিবম সেবাসদন নার্সিংহোমে এক প্রশিক্ষণরত নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গত তিন দিন আগে কাজে যোগ দেওয়া নন্দীগ্রামের বাসিন্দা দী পালি জানা-র ঝুলন্ত মৃতদেহ গতকাল রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ ও স্থানীয়দের বিক্ষোভ
দীপালির পরিবারের অভিযোগ, পুলিশ কেন তাদের আসার আগেই এত তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে গেল। মৃতার বাবা-মা এই ঘটনায় ভেঙে পড়েছেন এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। সকালে এলাকার মানুষজনও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
মৃতার মা জানিয়েছেন, তার সুস্থ মেয়ে কেন এমন পরিণতি বরণ করবে তা তিনি বুঝতে পারছেন না। ট্রেনিং নিতে এসে এমনটা হবে, তা তার কল্পনারও বাইরে ছিল। তিনি পুরো ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
দীপালির এই অস্বাভাবিক মৃত্যুতে সিঙ্গুর এলাকায় শোরগোল পড়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলছেন যে, পুলিশ দ্রুততার সঙ্গে মৃতদেহ সরিয়ে ফেলে তাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা পুলিশের যথাযথ ভূমিকার দাবিতে সোচ্চার হয়েছে।