সকাল ৬টা শোয়ে উপচে পড়া ভিড়! ‘ধূমকেতু’ রিলিজ হতেই দেব-শুভশ্রীকে নিয়ে কী লিখলেন রাজ?

বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন নজির তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-এর শো। আর এত সকালের শো হলেও এই সুপারহিট জুটির অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় ১০ বছর পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে গোটা তিলোত্তমা এখন ‘ধূমকেতু’ জ্বরে আক্রান্ত। এই জ্বরে কাবু হয়ে পড়েছেন শুভশ্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তীও।
গত ৪ঠা আগস্ট নজরুল মঞ্চে ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চের সময় দীর্ঘদিনের অভিমান ভুলে দেব ও শুভশ্রী পাশাপাশি দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য দেখে দর্শকরা নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলেন। সেই নস্ট্যালজিয়াকে আরও উসকে দিয়ে গত বুধবার এই তারকা জুটি নৈহাটির বড়মার মন্দিরেও গিয়েছিলেন।
দেব ও শুভশ্রীর এই প্রত্যাবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে যেমন প্রশংসার ঝড় উঠেছে, তেমনই পরিচালক রাজ চক্রবর্তী ও দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়েও মিম তৈরি হয়েছে। তবে এই সব কটাক্ষকে পাত্তা না দিয়ে রাজ চক্রবর্তী নিজেই ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার পর রাজ তাঁর ফেসবুকে লিখেছেন, “এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!” রাজের এই পোস্টে অনেকেই প্রশংসা করেছেন এবং দেব-শুভশ্রীর দীর্ঘদিনের অপেক্ষার অবসানকে স্বাগত জানিয়েছেন।