৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, ফের আইনি বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা!

পর্নোগ্রাফি মামলায় আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়ার আগেই নতুন করে প্রতারণার অভিযোগে বিপাকে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মুম্বইয়ের জুহু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি এখন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) তদন্ত করছে।
দীপক কোঠারি নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা, রাজ এবং আরেকজন ব্যক্তি তাঁর কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন।
মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীকে তাঁর ব্যবসা আরও বাড়ানোর প্রলোভন দেখানো হয়েছিল। শিল্পা ও রাজ কুন্দ্রার কথায় বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু সেই টাকা দিয়ে ব্যবসা বাড়ানোর বদলে তাঁরা নিজেদের ব্যক্তিগত খরচ মেটাতে সেই অর্থ ব্যবহার করেছেন বলে অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতে জুহু থানায় মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে এটি ইকোনমিক অফেন্স উইং বা ইওডব্লিউ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের প্রয়োজনে শিল্পা এবং রাজকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছিল। ‘হটশটস’ নামে একটি অ্যাপের মাধ্যমে পর্ন ভিডিও তৈরি করে বিদেশে বিক্রি করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দুই মাস জেলে থাকার পর তিনি জামিন পান, তবে সেই সংক্রান্ত আর্থিক তছরুপের মামলা এখনো চলছে। এর আগে ইডি একাধিকবার তাঁদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে এবং ২০২৪ সালে প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছে। বিটকয়েন দুর্নীতির সঙ্গেও রাজ কুন্দ্রার নাম জড়িয়ে আছে বলে জানা গেছে।