টিকিট-তো দেখাচ্ছেন, সে ‘আসল’ TTE তো? ইউনির্ফমের এই বিশেষ জিনিস দেখে পাবেন টের, রেল যাত্রীদের জন্য নয়া পরামর্শ

যাত্রী পরিষেবা উন্নত করতে এবং রেলের সুনাম বজায় রাখতে শিয়ালদহ বিভাগে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) শ্রী জসরাম মীনা সব টিকিট চেকিং কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। এই সভায় কর্মীদের যাত্রীদের সঙ্গে আরও ভালো ব্যবহার করার উপর জোর দেওয়া হয়।
টিকিটিং কর্মীদের জন্য নতুন নির্দেশনা
শ্রী মীনা বলেন, টিকিট চেকিং কর্মীদের অবশ্যই সর্বদা ভদ্র ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। কোনো রকম খারাপ ব্যবহার রেলের সুনাম নষ্ট করতে পারে। তিনি কর্মীদের মনে করিয়ে দেন যে তারা শিয়ালদহ বিভাগ এবং ভারতীয় রেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যাত্রীদের সঙ্গে প্রতিটি যোগাযোগ যেন ইতিবাচক ও পেশাদার হয়, সে বিষয়েও আলোচনা করা হয়।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা জানান, যাত্রীবান্ধব পরিবেশ তৈরি করা শিয়ালদহ বিভাগের প্রধান লক্ষ্য।
ভুয়ো টিকিট পরীক্ষক ঠেকাতে অভিনব উদ্যোগ
সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকজন ভুয়ো টিকিট পরীক্ষক ধরা পড়ার পর রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে আসল টিকিট পরীক্ষকদের একটি বিশেষ লাল ব্যাজ দেওয়া হবে, যা দেখে যাত্রীরা সহজেই তাদের চিনতে পারবেন। এই ব্যাজটি আসল নাকি নকল, তা যাচাই করতে যাত্রীরা চাইলে টিকিট পরীক্ষকের পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। তবে এই সুবিধা শুধু বৈধ টিকিটধারী যাত্রীদের জন্য।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীদের সচেতন করতে তারা মাইকিং, লিফলেট বিতরণ এবং বিভিন্ন স্টেশনে প্রচার চালাবে। এই উদ্যোগের ফলে যাত্রীরা যেমন নিরাপদ বোধ করবেন, তেমনই টিকিট চেকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করা যায়।