সোনার দর আকাশছোঁয়া, মধ্যবিত্তের ভরসা রুপো! ১ সেপ্টেম্বর থেকে রুপোর গহনায় আসছে বিরাট বদল, জানুন

সোনার আকাশছোঁয়া দামের কারণে মধ্যবিত্তের ভরসা এখন রুপো। ফ্যাশন জগতেও রুপোর গহনা এখন বেশ ট্রেন্ডিং। তবে রুপোর গহনা কেনার ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সোনার মতোই এবার রুপোর গহনাতেও হলমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
রিপোর্ট অনুযায়ী, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে রুপোর গহনার ৬টি গ্রেড—৯০০, ৮০০, ৮৩৫, ৯২৫, ৯৭০ এবং ৯৯০ বিশুদ্ধতার লেভেলের ক্ষেত্রে হলমার্ক থাকা আবশ্যিক। সোনার গহনায় যেমন হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা HUID থাকে, ঠিক একইভাবে রুপোর গহনাতেও HUID মার্কিং থাকবে।
এই নতুন নিয়মের ফলে পুরনো হলমার্কিংয়ের বদলে নতুন হলমার্কিং পদ্ধতি চালু হবে। এর আগে ২০২১ সাল থেকে সরকার সোনার গহনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছিল। এবার রুপোর গহনাতেও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই পদক্ষেপের ফলে গ্রাহকরা উপকৃত হবেন। বিক্রেতারা এখন আর নকল বা খাদ মেশানো রুপোর পণ্য বিক্রি করতে পারবেন না। রুপোর গহনা বা অন্য কোনো পণ্য কেনার সময় হলমার্ক দেখে ক্রেতারা সহজেই পণ্যের বিশুদ্ধতা যাচাই করতে পারবেন। এর ফলে গ্রাহকদের বিশ্বাস ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।