“২৬-এর বিধানসভা ভোটে ক্ষমতায় এলে মাসে ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে”, ঘোষণা শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নতুন প্রতিশ্রুতির ঘোষণা করলেন। বুধবার কাঁচড়াপাড়ায় একটি সভা থেকে তিনি জানান, ভোটে জিতে ক্ষমতায় এলে বিজেপি দলের ‘শহিদ পরিবার’-এর দায়িত্ব নেবে। একইসঙ্গে, যে সকল বিজেপি নেতা-কর্মী তৃণমূল সরকারের আমলে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খেটেছেন, তাঁদের প্রত্যেককে মাসিক ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

এদিন কাঁচড়াপাড়ায় ‘কন্যা বাঁচাও’ মিছিলে অংশ নেওয়ার পর সভামঞ্চ থেকে এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে, আমরা ক্ষমতায় এলে তাদের প্রত্যেককে মাসে ৫০০০ টাকা করে ভাতা দেব।”

শুভেন্দু অধিকারী এই সভামঞ্চ থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বদল হবে এবং তার সঙ্গে বদলাও হবে। তিনি আরও বলেন, “সুদে-আসলে সব ফেরত দেওয়া হবে।”

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী এর আগেও এই ভাতার কথা বলেছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বুথকর্মীদের একটি সভায় বার্তা দিয়েছিলেন যে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ‘মিথ্যা মামলায়’ জেলে যাওয়া কর্মীদের জন্য ৫০০০ টাকা করে ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে। নতুন করে এই ঘোষণা আবারও বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে বলে মনে করা হচ্ছে।