‘রাত ১টা অবধি নদদের সাথে শুয়ে ছিল স্বামী!’ প্রতিবাদ করতেই বেধড়ক মার বাড়ির বৌ-কে, ভাইরাল CCTV ফুটেজ

কখনও মারধর, কখনও ধাক্কা, কখনও বা সপাটে চড় – এক গৃহবধূকে নির্যাতনের এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (এই ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি)। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই গৃহবধূকে হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবাদ জানালেই তাঁর উপর নেমে আসত এই নির্যাতন। গৃহবধূকে মারধরের এই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মালিপাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, ২০২৩ সালে উত্তর হাওড়ার সালকিয়ার ওই বাসিন্দা এবং দক্ষিণেশ্বরের এক বাসিন্দার মধ্যে দেখেশুনে বিয়ে হয়েছিল। তাঁদের ১৪ মাসের একটি সন্তানও আছে। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তাঁর দাবি, শাশুড়ি ও ননদ তাঁদের ব্যক্তিগত বিষয়ে বারবার হস্তক্ষেপ করত। এমনকি, ননদ মাঝরাত পর্যন্ত স্বামীর সঙ্গে গল্প করত, যা নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি।

এই প্রতিবাদের জেরেই সম্প্রতি স্ত্রীকে ব্যাপক মারধর করেন তাঁর স্বামী। সেই মারধরের সিসিটিভি ভিডিওটি গৃহবধূ নিজে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মেয়েকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে গৃহবধূর বাবাও জামাইয়ের হাতে মারধরের শিকার হন বলে অভিযোগ।

পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানা গেছে। গৃহবধূ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিয়ের পর থেকে ওরা আমার উপর অত্যাচার করত। আমার ননদই আমার বরের মাথা খেয়েছে। রাত অবধি আমার বরের সঙ্গে গল্প করত। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়। আজ যখন অভিযোগ দায়ের করলাম, তখন দেখি ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।”